ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের দেশজুড়ে কাজ শুরু

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউ ইওএম) ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সারাদেশে কাজ শুরু করেছেন। শনিবার থেকে তারা দেশের সব ৬৪ জেলায় দায়িত্ব পালন শুরু করেন।

এর আগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠানে ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।

তিনি জানান, ইইউ ইওএম দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য একটি সুসংগঠিত ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে, যাতে পুরো নির্বাচন প্রক্রিয়ার ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়।

দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি ঢাকায় অবস্থানরত মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমেও তারা সহায়তা করবেন।

ইনতা লাসে আরও জানান, পর্যবেক্ষকেরা দুই সদস্যের দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। তারা নিজ নিজ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এই কার্যক্রম শহর ছাড়াও ছোট শহর ও গ্রাম পর্যায়ে পরিচালিত হবে।

ইইউ কর্মকর্তারা জানান, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও পর্যবেক্ষক অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে কাজ শুরুর আগে তাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই নির্বাচন পর্যবেক্ষক মিশন কাজ করছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

Insights News Desk

International

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *