সাম্য হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মশাল মিছিল

সাম্য হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মশাল মিছিল

রাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে তদন্তে গাফিলতি ও মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় দলীয় টেন্ট থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই”, “আমার ভাই খবরে, খুনি কেন বাহিরে”, “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”, “ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস”—এমন সব স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো ক্যাম্পাস।

মিছিল শেষে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, “শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে। অথচ এখনো মূল ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি। এ হত্যার বিচার না হলে রাবি ছাত্রদলের মশালের আগুন যমুনা পেরিয়ে ঢাকায় গিয়ে পৌঁছাবে।”

আরেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, “সাম্যকে বর্বরভাবে কুপিয়ে হত্যার পরও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ঢাবি প্রশাসন যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকেও স্পষ্ট করে বলছি—আপনারা যদি বিচারে ব্যর্থ হন, তাহলে ছাত্রসমাজ আপনাদেরও আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করবে। রাবি ছাত্রদল দ্রুত আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “সাম্য ছিল জুলাইয়ের সম্মুখযোদ্ধা। তাকে পরিকল্পিতভাবে পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা জানি কারা এই রগ কাটার রাজনীতি করে। তাদের হুঁশিয়ার করছি—নতুন বাংলাদেশে এ ধরনের বর্বর রাজনীতি আর চলবে না। দেশের মানুষ আর তা মেনে নেবে না। তাই জনগণের প্রতি আহ্বান—সাম্য হত্যার বিচার দাবিতে সবাই রাস্তায় নামুন।”

তিনি আরও বলেন, “বিচার কার্যকর না হলে রাবি ছাত্রদল প্রয়োজনে ঢাকা থেকে রাজশাহী বিচ্ছিন্ন করে দেবে। আজকের এই মশাল মিছিল এখানেই শেষ নয়—এটি রাবি থেকে রওনা হয়ে পৌঁছাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুয়ারে।”

মিছিলে রাবি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *