
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের মাধ্যমে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নামিবিয়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তবে ইনিংসের শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌস শূন্য রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ওপেনার দিলারা আক্তার দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ১৭ বলে ২৫ রান করেন।
মাঝের ওভারে সোবহানা মোস্তারী ২৩ বলে ২৭ এবং স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩ রান যোগ করেন। শেষদিকে রাবেয়া খানের ৫ বলে ১১ রানের দ্রুত ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। নামিবিয়ার হয়ে সিলভিয়া সিহেপো ও সাইমা তুহাদেলেনি দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে। দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন ৩টি করে উইকেট।
এই জয়ে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্স পর্বে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ নারী দল।
Insights News Desk
Sports


Leave a Reply