বাংলাদেশের অনুরোধ কেন মানেনি আইসিসি, জানাল কারণ

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পর বুধবার ভিডিও কনফারেন্সে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের পক্ষে কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে গুরুতর ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। ফলে শুধু আশঙ্কার ভিত্তিতে ভেন্যু পরিবর্তন করা আইসিসির পক্ষে সম্ভব নয়।

সংস্থাটি আরও জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন করলে অন্যান্য দল, সম্প্রচারকারী ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে, যা বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

নিরাপত্তা প্রসঙ্গে আইসিসি জানায়, স্বাধীন পর্যালোচনাসহ সব নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ভারতে নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

আইসিসি আরও উল্লেখ করে, দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরুর আগে সূচিতে বড় পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।

আইসিসির এক মুখপাত্র বলেন, ৪ জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানোর পর কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে। এ সময় নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাস বিসিবিকে জানানো হয়। প্রতিটি মূল্যায়নেই ভারতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো যাচাইযোগ্য ঝুঁকি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

Insights News Desk

Sports

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *