
বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর বিষয়টি নিয়ে ফলপ্রসূ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
সোমবার (২৬ জানুয়ারি) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্বকাপসংক্রান্ত বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মহসিন নাকভি। বৈঠকে সব সম্ভাব্য বিকল্প বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরে বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিসিবি চেয়ারম্যান জানান, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রেখে সমাধানের পথে এগোতে বলেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় আইসিসিকে।
তবে আইসিসি কোনো নিরাপত্তা ঝুঁকি না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
বিশ্ব ক্রিকেট সংস্থার এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসা পিসিবি বিকল্প পরিকল্পনা বিবেচনার কথা জানায়। এ প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান।
Insights News Desk
Sports


Leave a Reply