
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট ও পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, সরকার যেভাবে নির্বাচনকে ‘ইতিহাসের সেরা’ বলে তুলে ধরছে, বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত—এই নির্বাচন ইতিহাসের নিকৃষ্টতম হওয়ার আশঙ্কাই বেশি।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে সিজিএস।
হোসেন জিল্লুর রহমান বলেন, নির্বাচন আদৌ হবে কি না—তা নিয়েও তাঁর সন্দেহ রয়েছে। নির্বাচনের দিকে দেশ এগোলেও সরকার প্রতিদিন যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলো রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এগুলো রাজনৈতিক সরকারের এখতিয়ারভুক্ত। এসব সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য এখনো অস্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আচরণে জনগণ কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও আস্থা—দুটিই সংকটে পড়েছে।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, নীতিনির্ধারণে দুর্নীতিকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, অথচ দুর্নীতির বহুমাত্রিক রূপ রয়েছে। সরকার বহু সংস্কার ও সংলাপের কথা বললেও দৃশ্যমান কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এমনকি ট্রাফিক ব্যবস্থার মতো মৌলিক ক্ষেত্রেও কার্যকর পরিবর্তন আনা সম্ভব হয়নি।
মেগা প্রকল্পে অগ্রাধিকার ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে তিনি বলেন, দুর্নীতি কমেছে—এমন দাবি সমর্থনে এখন পর্যন্ত কোনো গবেষণা নেই। মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তব ফল দেখতে চায়। দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য সংস্কার উদ্যোগ বাস্তবে কার্যকর হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
সিজিএস প্রেসিডেন্টের সভাপতিত্বে আয়োজিত সংলাপে আরও বক্তব্য দেন র্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল।
Insights News Desk
National


Leave a Reply