
জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকে ঘিরে নির্বাচন কমিশন ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল ঘটেছে। শনিবার দুপুরে শুনানির বিরতির সময় এ পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইসি ভবনের অডিটোরিয়ামে ওই সময় মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিলের শুনানি চলছিল। শুনানির এক পর্যায়ে কমিশন সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চায়।
দীর্ঘ সময় শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন মধ্যাহ্নভোজের জন্য প্রায় আধা ঘণ্টার বিরতি দিয়ে কক্ষ ত্যাগ করেন। কমিশন কক্ষ ছাড়ার পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এ সময় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই স্থানে থাকা কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তাঁর আচরণের প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
পরিস্থিতি সামাল দিতে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর ছেলে তাবিথ আউয়ালও আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন।
বিরতি শেষে শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, আব্দুল আউয়াল মিন্টু অশালীন ভাষা ব্যবহার করেছেন এবং বলপ্রয়োগের চেষ্টা করেছেন। এ ঘটনায় তিনি কমিশনের কাছে আনুষ্ঠানিক রুলিং দাবি করেন।
এ ছাড়া কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এক আইনজীবী তাঁর মক্কেলকে মারধরের অভিযোগও উত্থাপন করেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয়। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
Insights News Desk
National


Leave a Reply