
রাজনীতিতে সহিংসতার পথ পরিহার করে নীতিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের দেশের মানুষের কল্যাণে নতুন ধারণা ও নীতিগত প্রস্তাব নিয়ে গঠনমূলক বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, রাজনীতিতে শক্তির প্রদর্শনের বদলে ভাবনার প্রতিযোগিতা হওয়া উচিত। কে মানুষের জন্য কার্যকর ও টেকসই সমাধান দিতে পারে—তা নিয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, নীতিমালা নিয়ে বিতর্ক, জনগণের কথা শোনা এবং মানুষের বাস্তব সমস্যার আলোকে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী হয়।
ডা. শফিকুর রহমানের মতে, জামায়াতে ইসলামী নিয়মিত সম্পৃক্ততা ও সংলাপের মাধ্যমে রাজনীতিতে আলোচনা ও শোনার একটি ভিন্ন ধারা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে—এই পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।