গৌরীপুর হত্যাকাণ্ড: ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে ট্রাইব্যুনাল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের হাজিরার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করেন।

পরে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরে গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নির্দেশে পুলিশ সদস্যদের মাধ্যমে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এক ঘটনায় খুব কাছ থেকে গুলি চালিয়ে এক জুলাই যোদ্ধার মৃত্যু নিশ্চিত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন। অপর ছয়জনকে গ্রেপ্তার করে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা সানাউল।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *