জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে: চরমোনাই পীর

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই আড়ালে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, এ পরিস্থিতি হতাশাজনক এবং জুলাই সনদের পক্ষে দৃশ্যমান জনসমর্থন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার ও আসন্ন নির্বাচন—সবকিছুই প্রশ্নের মুখে পড়তে পারে।

রোববার (১১ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের মিডিয়া সেলে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে চরমোনাই পীর উল্লেখ করেন, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে আয়োজনের বিষয়ে তারা শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলেন। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ার বৈধতা এসেছে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের ভিত্তিতে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তের ফলে গণভোট ও জুলাই সনদ নিয়ে প্রয়োজনীয় আলোচনা চাপা পড়ে গেছে। এ বিষয়ে তাদের সতর্কবার্তা উপেক্ষা করার ফল এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

চরমোনাই পীরের মতে, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে যাওয়া শুধু দুঃখজনকই নয়, বরং তা গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, জুলাই সনদের পক্ষে ব্যাপক জনমত গড়ে না উঠলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জনগণ কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং একটি বৃহত্তর আদর্শ ও লক্ষ্য সামনে রেখে রাজপথে নেমেছিল। জুলাই সনদে সেই আকাঙ্ক্ষা পুরোপুরি না হলেও অনেকাংশে প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাষ্ট্র গঠনের যে সুযোগ বর্তমানে তৈরি হয়েছে, তার মূল ভিত্তি হলো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। সে সময় তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনবাজি রেখে আন্দোলনে অংশ নেওয়ার কারণেই দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে।

চরমোনাই পীর আরও বলেন, ক্ষমতা পরিবর্তন হলেও ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতির অবসান এখনো নিশ্চিত হয়নি। এসব কাঠামোর স্থায়ী বিলোপ ঘটানোর লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেখানে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে টিকিয়ে রাখতেও গণভোটে জুলাই সনদের পক্ষে রায় আসা অপরিহার্য।

এ কারণে তিনি দেশের সব রাজনৈতিক দল, নির্বাচনী প্রার্থী ও সরকারের প্রতি জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো জননিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। এ বিষয়ে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *