
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এক তরুণীকে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালকসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন। আটক ব্যক্তিরা হলেন বাসচালক আলতাফ (২৫) এবং তাঁর সহযোগী মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই তরুণী। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর ওই যাত্রীরা নেমে গেলে বাসে তরুণী একা হয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, একা পেয়ে বাসচালক আলতাফ ও সহযোগী সাগর তাঁকে ধর্ষণ করেন। এ সময় ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করা হয়। পরে সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকায় সারা রাত বাসটি নিয়ে ঘোরাঘুরি করা হয়।
তরুণী চিৎকার করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তাঁর মুঠোফোন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বাসটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় থামলে হাইওয়ে পুলিশের একটি টহল দল বাসটির কাছে যায়। তখন ভুক্তভোগী তরুণী পুলিশকে পুরো ঘটনা জানান।
পরে পুলিশ তরুণীকে উদ্ধার করে এবং বাসচালকসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে। একই সঙ্গে ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলা করবেন এবং আটক তিনজনকে আসামি করা হবে।
Insights News Desk
National


Leave a Reply