
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের সব প্রস্তাব দলটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতীয়ভাবে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, বিএনপি সেগুলোর বাইরে কোনো অবস্থান নেবে না।
বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন এবং উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। এসব লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, পরবর্তীতে এটি বাতিল করা হয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের মূলনীতিতে ওই বিষয়টি পুনঃসংযোজনের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি, মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান এবং আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Insights News Desk
National


Leave a Reply