টেকনাফে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূত তলব

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ভূখণ্ডে হতাহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সীমান্তের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে জানানো হয় যে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে সীমান্তে এমন গুলিবর্ষণ যেন আর না ঘটে, সে জন্য মিয়ানমারকে কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশ জানায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের দ্বন্দ্ব যেন কোনোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে তার সরকার উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আহত কিশোরী ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *