ঢাকা-১২ আসনে প্রচারণায় সংঘর্ষ, আহত ৩

ঢাকা-১২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন সাকিন (২৭), আহাদ (২৭) ও হোসেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোদাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও প্রার্থী সাইফুল হক অভিযোগ করেন, প্রচারণা চলাকালে ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে তাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা কোদাল প্রতীকের প্রার্থীর সমর্থক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *