ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গ্যাস সংকট, সড়ক ও জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি ও এমপির জবাবদিহিতাকে ইশতেহারের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে ইশতেহারের বিস্তারিত প্রকাশ করেন ডা. তাসনিম জারা। তিনি জানান, নিজ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানই তার নির্বাচনী অঙ্গীকারের কেন্দ্রবিন্দু।

ইশতেহারে প্রথম অগ্রাধিকার হিসেবে ঢাকা-৯ এলাকায় গ্যাস, সড়ক ও জলাবদ্ধতা সমস্যার সমাধানের কথা বলা হয়। তিনি ‘সেবা না পেলে বিল নয়’ নীতির আলোকে গ্যাস বিল আদায়ের বিধান প্রস্তাব, এলপিজি বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্য খাতকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল ও যন্ত্রপাতি সংকট নিরসন, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, সারাবছরব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম এবং নারীস্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

নিরাপত্তা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য গুরুত্বপূর্ণ সড়কে সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বিত পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাতে তিনি স্বচ্ছ ভর্তি ব্যবস্থা, এমপি কোটার বিরোধিতা, স্কুলে আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরি, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং শিক্ষকদের মর্যাদা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

অর্থনীতি ও জীবিকার বিষয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল, কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অনানুষ্ঠানিক খাতের সুরক্ষার কথা ইশতেহারে উল্লেখ করা হয়।

এছাড়া এমপির জবাবদিহিতা নিশ্চিত করতে এলাকায় স্থায়ী কার্যালয়, ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা এবং সরাসরি নাগরিক যোগাযোগের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ইশতেহারের শেষে ডা. তাসনিম জারা বলেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন; বরং একজন চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা ও পরিকল্পনার ভিত্তিতে ঢাকা-৯ এর সমস্যার সমাধানে কাজ করতে চান।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *