
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৪)।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু। মামলায় ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Insights News Desk
National


Leave a Reply