আপিলে জয়ের বিষয়ে আশাবাদী তাসনিম জারা

ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে শক্ত আইনি যুক্তি রয়েছে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি জানিয়েছেন, আপিল প্রক্রিয়ায় জয়ী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি অব্যাহত রাখছেন।

শনিবার রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তাসনিম জারা। ভিডিওতে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, মনোনয়নপত্র বাতিলের খবরে কেউ যেন হতাশ না হন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এই সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি আইনগতভাবে আপিল করবেন। পরে তিনি নিশ্চিত করেন, আপিলের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

রাতের ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে জানতে চাচ্ছেন তিনি নির্বাচনে থাকতে পারবেন কি না। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর আইনজীবীদের মতে আপিলে উপস্থাপনের মতো শক্ত ও গ্রহণযোগ্য যুক্তি রয়েছে এবং অতীতেও এমন নজির দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়াই চালিয়ে যাব।’

দেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তাসনিম জারা তাঁর সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভিডিও বার্তায় তিনি ক্রাউড ফান্ডিং বা গণ-অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন। তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার সময়ই তিনি বলেছিলেন—এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেউ অর্থ ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত ২০৫ জন অনুদানদাতা বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত চেয়েছেন। তাঁদের সবাইকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

তাসনিম জারা আরও বলেন, যাঁরা এখনো টাকা ফেরত নিতে চান, তাঁদের জন্য একটি ফর্মের লিংক তিনি পোস্টের ক্যাপশন ও মন্তব্য অংশে যুক্ত করে দিয়েছেন। আবেদনকারীদের প্রত্যেককে তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তিনি সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।

এর আগে তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

পরে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *