
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ভোরে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টা ৩৬ মিনিটে সংঘটিত এই ভূকম্পনে সাতক্ষীরা, খুলনা ও আশপাশের কয়েকটি জেলার মানুষ কম্পন টের পান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এটি মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলক কম ছিল।
ভোররাতে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Leave a Reply