দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপির ৪৪ নেতা-কর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের ৪৪ জন নেতা-কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবুর রহমান রেজা, মো. আবুল কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী এবং উপজেলা বিএনপির সদস্য মোছা. মুনমুন রহমানকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ একাধিক উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সিদ্ধান্তের আওতায় কানাইঘাট উপজেলার কয়েকজন দায়িত্বশীল নেতাকেও সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উপজেলা ও পৌর বিএনপির একাধিক যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং স্থানীয় নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের ক্ষেত্রে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *