দেবিদ্বারে বিএনপি প্রার্থী না থাকায় ট্রাক মার্কায় জোট প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন নির্বাচন করবেন। তিনি দলটির নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে ভোটের মাঠে নামছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে দেয়। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনও হাইকোর্টে খারিজ হয়। এর পরিপ্রেক্ষিতে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী দেবিদ্বার আসনে বিকল্প প্রার্থী চূড়ান্ত করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বর্তমানে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী।

পোস্টে নুরুল হক নুর জানান, বিএনপির প্রার্থী না থাকায় কুমিল্লা-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নয়, নিজ দলের প্রতীক ‘ট্রাক’ ব্যবহার করবেন।

এদিকে, একই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে মনোনয়ন জটিলতার পর দেবিদ্বার আসনে জোটভিত্তিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *