নারায়ণগঞ্জে ধানের শীষে ভোট না দিলে হুমকির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ভোটারদের উদ্দেশ্যে হুমকির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগের মুখে থাকা নেতা হলেন সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। তিনি এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে নিজাম উদ্দিন বক্তব্য দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিডিওতে দেখা যায়, ওই সময় সভাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি-সমর্থিত বিভিন্ন সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার উপস্থিতি দেখা যায়।

অভিযুক্ত নিজাম উদ্দিন দাবি করেন, ওই দিন তিনি নিজের আত্মীয়দের নিয়ে একটি উঠান বৈঠক করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কিছু আত্মীয় প্রকাশ্যে বিএনপি প্রার্থীর পক্ষে থাকলেও গোপনে অন্য প্রার্থীর সমর্থনে অবস্থান নিচ্ছিলেন। এ কারণেই তিনি তাদের কড়া ভাষায় সতর্ক করেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *