নির্বাচনে আইন-শৃঙ্খলায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে বাহিনীটি। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নন-লেথাল পদ্ধতিতেই দায়িত্ব পালন করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় নির্বাচনকে ঘিরে ঢাকা ও আশপাশের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরা হয়।

কর্নেল এস এম আবুল এহসান জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিটও প্রস্তুত থাকবে।

তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি আসনে ১৩৪টি প্লাটুন মোতায়েন করা হবে। এ জন্য ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। পাশাপাশি বিশেষ তল্লাশির জন্য কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মাঠে থাকবে।

নির্বাচনে দায়িত্ব পালনের সময় বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি এবং আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বলে জানান তিনি। এতে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত হবে।

নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক টহল, চেকপোস্ট স্থাপন এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে কর্নেল এস এম আবুল এহসান বলেন, এখন পর্যন্ত বড় কোনো ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো অবস্থাতেই লেথাল অস্ত্র ব্যবহার করা হবে না।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *