
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে কোনো পুলিশ সদস্য প্রার্থী, এজেন্ট কিংবা প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে টাকা বা খাবার গ্রহণ করতে পারবেন না।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালে দায়িত্ব পালনরত প্রায় দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, তবে এটি দেশের ইতিহাসে অন্যতম নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় কোনো ধরনের আর্থিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণের সুযোগ নেই।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহারের কোনো আশঙ্কা নেই। সীমান্তবর্তী দেশগুলো থেকে অবৈধ অস্ত্র প্রবেশের তথ্য পাওয়া গেলেও সেগুলো নিয়মিত উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।
জঙ্গিবাদ ও চরমপন্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এ ধরনের তৎপরতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে জঙ্গিবাদ কার্যত নেই বললেই চলে এবং বিদেশে অবস্থানরত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জনসহ বিভিন্ন ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়। ‘বেস্ট প্রবেশনার’ নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ সম্পন্নের মধ্য দিয়ে নবীন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করলেন। এখন তারা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণে যোগ দেবেন।
Insights News Desk
National


Leave a Reply