নীলফামারী-৪ আসনে জাপা-বিএনপি ও জামায়াত প্রার্থী শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামির তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন।

শনিবার (২৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শোকজ নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. সিদ্দিকুল আলম, বিএনপির মো. আব্দুল গফুর সরকার এবং জামায়াতে ইসলামির আব্দুল মুনতাকিম।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম গত ২০ জানুয়ারি সৈয়দপুর রেলওয়ে মাঠে আয়োজিত একটি টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা নিষিদ্ধ।

এ ছাড়া বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকারের বিরুদ্ধে দলীয় প্রধানের ছবি সংবলিত ব্যানার ও লিফলেট ব্যবহারের অভিযোগ আনা হয়েছে, যা আচরণবিধির ৭(চ) ধারা লঙ্ঘনের শামিল। একইভাবে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিমের বিরুদ্ধে রঙিন লিফলেট ব্যবহারের অভিযোগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *