
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও ড. নজরুল ইসলাম ফারুকসহ উপজেলা ও পৌর বিএনপির একাধিক পদধারী নেতা। অভিযোগ অনুযায়ী, তারা দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
বহিষ্কৃতদের তালিকায় আরও রয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ চেয়ারম্যান, মির্জা মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, ওবায়দুল হক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দলিলুর রহমান, কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, মহিউদ্দিন কমিশনার ও শহীদ উল্যাহ হেলাল।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, তারা দলের বিরুদ্ধে নন, বরং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বহিষ্কারের বিষয়ে এখনো লিখিত কোনো সিদ্ধান্ত পাননি বলেও দাবি করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জানান, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্র থেকে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Insights News Desk
National


Leave a Reply