প্রতীক পাওয়ার দুই ঘণ্টা পর সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু নাছের। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দেওয়ার কথা জানান।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত প্রার্থীর প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছ থেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ করেন।

এরপর একই দিন বেলা আড়াইটার দিকে নগরের দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মো. আবু নাছের উপস্থিত ছিলেন না।

জামায়াতের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন তাঁর আসন পরিচালক ও নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে জামায়াত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। অসুস্থতার কারণে এবং ঢাকায় অবস্থান করায় মো. আবু নাছের নিজে উপস্থিত থাকতে পারেননি এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করাও সম্ভব হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আইনগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। ফলে চট্টগ্রাম-৮ আসনের ব্যালটে এনসিপি ও জামায়াত—দুই দলের প্রতীকই থাকবে। এনসিপির প্রতীক শাপলা কলি এবং জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন বলেন, প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনে দুই প্রার্থীর প্রতীক বরাদ্দের তালিকাই পাঠানো হয়েছে।

এর আগে জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় মঙ্গলবার রাতে নগরের বহদ্দারহাট এলাকায় এনসিপি প্রার্থীকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহ তাঁর প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *