
ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুর খবর—পরিবার জানাল সত্যতা। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই ঢালিউড তারকাকে ঘিরে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। তবে পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রথম আলো নিশ্চিত করেছে, এই খবরের কোনো সত্যতা নেই।
আজ বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিনেতা সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন। রিয়াজের স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। তিনি যেখানেই আছেন, ভালো আছেন।’
গত বছরের আগস্টে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই আত্মগোপনে রয়েছেন রিয়াজ। এরপর থেকে তাঁর কোনো প্রকাশ্য উপস্থিতি নেই, এমনকি চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গেও তাঁর যোগাযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
এ ছাড়া অভিনেতার ব্যবহৃত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিষয়টি ঘিরে আলোচনা আরও তীব্র হয়।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রিয়াজ। টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এরপর আর নতুন কোনো কাজে তাঁকে দেখা যায়নি।
Insights News Desk
National


Leave a Reply