
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যে দল বা জোটই জয়ী হোক না কেন, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত এসব কথা বলেন। ১২ জানুয়ারি বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ বিনিময়।
নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, কে নির্বাচিত হবে এবং কে পরবর্তী সরকার গঠন করবে—এটি একান্তই বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিসরের সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ করে আসছে। ক্ষমতায় থাকুক বা না থাকুক—সব পক্ষের সঙ্গেই যুক্তরাষ্ট্রের সংলাপ অব্যাহত থাকে।
রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্র ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং নির্বাচনের মাধ্যমে যাঁরা দায়িত্ব নেবেন, তাঁদের সঙ্গেই দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।
বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, গত আগস্ট থেকে দেশটিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে এবং সামনে আরও পরিবর্তন প্রত্যাশিত।
শেষে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এই সংলাপ অব্যাহত রাখতে চান।
Insights News Desk
National


Leave a Reply