
ন্যায়ভিত্তিক রাজনীতি ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ‘বিসমিল্লাহ’ শীর্ষক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলটির নাম ও স্লোগান ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান স্লোগান হিসেবে ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’ উন্মোচন করেন। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ন্যায় প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে একটি সচেতন রাজনৈতিক উদ্যোগ হিসেবেই এই যাত্রা শুরু হয়েছে।
রিদওয়ান হাসান এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সঙ্গে যুক্ত ছিলেন।
দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি জানান, কওমি মাদ্রাসা থেকে উঠে আসা তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই দল মুক্তিযুদ্ধের সার্বভৌমত্ব এবং জুলাইয়ের বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রচেতনায় বিশ্বাসী।
সংগঠন বিস্তারের ক্ষেত্রে থানা কমিটিকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এ লক্ষ্যে আগ্রহীদের জন্য থানা কমিটির সদস্য হওয়ার অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়। একই সঙ্গে জানানো হয়, আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্বও তারা গ্রহণ করেছেন। দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এহসান সিরাজ।
আয়োজকদের মতে, দলটির লক্ষ্য প্রদর্শনমূলক রাজনীতি নয়; বরং ধাপে ধাপে সংগঠন গড়ে তোলা। তরুণদের প্রযুক্তিনির্ভর ও কর্মমুখর বাংলাদেশ গঠনে যুক্ত করাও গ্রীন পার্টির অগ্রাধিকার।
বাংলাদেশ গ্রীন পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে।


Leave a Reply