
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের জন্য বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করাই তাঁদের অগ্রাধিকার। তাঁর ভাষায়, তরুণ-তরুণীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে হাতে কাজ তুলে দেওয়া হবে, কোনো ধরনের বেকার ভাতা দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফারমার্স কার্ড’-এর মতো কর্মসূচির কথা বলা হলেও বাস্তবে কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দাবি করেন, এক শাসনামলে সার চাওয়ার কারণে কৃষকদের গুলির মুখে পড়তে হয়েছিল। জনগণ এসব বিষয় জানে এবং তাদের বিভ্রান্ত করা সহজ নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা দেশের অর্থ আত্মসাৎ করে বিদেশে বিলাসী জীবন যাপন করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অর্থ দেশে ফিরিয়ে এনে দায়ীদের বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, শুরুতে কিছু মানুষ ‘না’ ভোটের পক্ষে প্রচার চালালেও জনমতের প্রবাহ দেখে অনেকেই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তাঁর মতে, জনগণের চাপ একটি শক্তিশালী শক্তি, যা বড় বাধাও অতিক্রম করতে সক্ষম।
সভায় মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান ইমরুল সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা।


Leave a Reply