
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সোমবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ২৮ হাজার ৭৪৮ দশমিক ৯৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়, যা দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা সক্ষমতা নির্দেশ করে।