
মানুষের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘চব্বিশের আন্দোলন’ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণকে সচেতন ও সজাগ থাকতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতা হলে প্রশাসনকে আগে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যুবসমাজকে ভাতা দিয়ে নির্ভরশীল করা নয়, বরং সম্মানজনক ও হালাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশে এমন রাজনীতি তারা চান না, যেখানে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
নারী সম্মান ও নিরাপত্তা বিষয়ে কঠোর বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মা-বোনদের প্রতি কোনো ধরনের অবমাননা বা সহিংসতা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শেরপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষিপ্রধান এই জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। পাশাপাশি প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
সমাবেশ শেষে জামায়াতের আমির শেরপুর-১, শেরপুর-২ ও শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


Leave a Reply