
রাজধানীর যমুনা ও বাংলাদেশ সচিবালয় এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের নির্ধারিত এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী অংশ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


Leave a Reply