
লক্ষ্মীপুর-৪ আসনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিএনপি শরাফ উদ্দিন আজাদ সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সোহেলকে আগে বহিষ্কার করা হয়েছিল। তবে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেওয়ায় বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে।
দলীয় নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে সক্রিয় থাকার অঙ্গীকারকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন শরাফ উদ্দিন আজাদ সোহেল। লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকার একটি হলরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সোহেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন।


Leave a Reply