সমন্বয়কদের নিয়ে ভোটার দিবস উদযাপন করবে ইসি

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের অংশগ্রহণে এবার জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষে গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। কেন্দ্রীয় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি এবং সুশীল সমাজের অবজার্ভার গ্রুপের কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

এছাড়া, নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহিত করতে নির্বাচন কমিশন বিভিন্ন প্রচার কার্যক্রম হাতে নেবে।

প্রতিবারের মতো এবারও জাতীয় ভোটার দিবসে প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা, যা ভবিষ্যৎ নির্বাচন পরিচালনার জন্য ব্যবহার করা হবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন, এবং হিজড়া ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নির্বাচন কমিশনের কর্মীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। নিবন্ধন সম্পন্ন হলে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *