
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে বলে জানান তিনি।
সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি যশোরের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অ্যালবেনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান বক্তব্য দেন।
তিনি বলেন, বিএনপি রাজনীতিকে শুধু স্লোগান বা সমাবেশকেন্দ্রিক রাখতে চায় না। দলটি সংস্কারের পাশাপাশি সরাসরি মানুষের কল্যাণে কাজ করতে চায়। ভবিষ্যতের রাজনীতি হবে জনজীবনকেন্দ্রিক এবং বাস্তবমুখী।
তারেক রহমান আরও জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করতে পরিবার ও কৃষক কার্ড কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি পানির সংকট নিরসনে পুনরায় খাল খনন কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে এতদিন অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন ঘর পেয়ে আবেগ প্রকাশ করেন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতারাও সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, অ্যালবেনিজমে আক্রান্ত হওয়ায় সামাজিক ও পারিবারিক অবহেলার শিকার শিশু আফিয়া ও তার মাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারেক রহমান। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন ঘর হস্তান্তর করা হয়।
Insights News Desk
National


Leave a Reply