
দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সময় ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চললে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন গ্রহণযোগ্য নয়। কেউ বেআইনি উদ্যোগ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ লক্ষ্যে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।