৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান প্রচারের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানদের ভাষণের জন্য নির্ধারিত সময়সূচি নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্ধারণ করতে হবে। লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে স্লট বরাদ্দ দেওয়া এবং স্লটের মেয়াদ নির্ধারণের দায়িত্ব বিটিভির ওপর থাকবে।

এ ছাড়া প্রচারণার বক্তব্য রেকর্ডিংয়ের দিন ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বিটিভি। যেসব রাজনৈতিক দল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য আবেদন পাওয়া যায়নি। সে কারণে বিএনপির দলীয় প্রধানকে তাঁর চাহিত সময় অনুযায়ী ৯ ফেব্রুয়ারি দিনের শেষ স্লটে ভাষণ দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *