
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজনকে মাইক্রোবাস দিয়ে ধাক্কা মেরে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।
আহতরা হলেন—এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী এবং সাংবাদিক সোহানুর রহমান সোহান। সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা মিডিয়া সেলের সদস্য। ঘটনার সময় তারা তিনজন একই মোটরসাইকেলে ছিলেন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আব্দুল বারীর একটি পা ভেঙে গেছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নাহিদুল ইসলাম সাজুর দুই পা ও হাতে আঘাত পাওয়া এবং সোহান হাতের চোট প্রাপ্ত হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। পরে সন্ধ্যায় সাজু ও সোহান অভিযোগ দায়েরের জন্য মতিহার থানায় অবস্থান করেন।
এনসিপি নেতা সাজু বলেন, সোমবার দুপুরে রাজশাহী জেলা কমিটিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ব্যক্তিদের পুনর্বাসনের প্রতিবাদে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেটি শেষ করে কাটাখালী যাওয়ার পথে চৌদ্দপাই এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
তিনি অভিযোগ করে বলেন, “মহাসড়কটি ফোরলেন হওয়ায় উল্টোপথে গাড়ি চলাচলের কোনো যুক্তি নেই। তারপরও গাড়িটি সরাসরি এসে ধাক্কা দিয়েছে। মাইক্রোবাসের পেছনে চারটি মোটরসাইকেল ছিল, ধাক্কার সঙ্গে সঙ্গেই তারা সবাই পালিয়ে যায়। এটি পরিকল্পিত হত্যাচেষ্টা ছাড়া আর কিছু না। এ কারণে আমরা থানায় অভিযোগ করতে এসেছি।”
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।