
তাহসান খানের দাম্পত্যে ভাঙন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে। গেল বছরের শুরুতে বিয়ের ঘোষণা দিয়ে নতুন দাম্পত্য জীবনে পা রাখলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভাঙনের পথে এগোচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের কয়েক মাস পর থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপড়েন শুরু হয় বলে জানা গেছে। সময়ের সঙ্গে সেই দূরত্ব আরও বেড়েছে এবং গত কয়েক মাস ধরে তারা আলাদাভাবে বসবাস করছেন।
বিষয়টি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান খান। একান্ত আলাপে তিনি জানান, জুলাইয়ের শেষ দিক থেকেই তারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি আপাতত আগ্রহী নন বলে উল্লেখ করেন।
তাহসান বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি চাননি। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। সে কারণেই তিনি জানিয়েছেন, বর্তমানে তারা একসঙ্গে থাকছেন না।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসান খানের প্রথম বিয়ে হয়। সেই সংসার টিকে ছিল প্রায় ১১ বছর। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়, যদিও তার দুই বছর আগেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।
Insights News Desk
Entertainment