
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয় জেলা—কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মোট এক লাখ এক হাজার ৯৯৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৭ হাজার ৯৪৫ জন ছেলে এবং ৪৪ হাজার ৫২ জন মেয়ে।
ফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, আর ছেলেদের ৪২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে—মোট দুই হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে এক হাজার ৭৪৯ জন মেয়ে এবং ৯৫৮ জন ছেলে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন শিক্ষার্থী, পাস করেছেন ১৬ হাজার ২৫১ জন; পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ।
মানবিক বিভাগে অংশ নেয় ৪৮ হাজার ১২৯ জন, পাস করেছেন ২০ হাজার ৫৯০ জন; পাসের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ হাজার ৫৯৪ জনের মধ্যে পাস করেছেন ১১ হাজার ৮১৬ জন; পাসের হার ৪৩ দশমিক ৯০ শতাংশ।
এবার বোর্ডের পাঁচটি কলেজ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে, অন্যদিকে নয়টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি।
গত পাঁচ বছরের ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে কুমিল্লা বোর্ডের পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ এবং এবার ২০২৫ সালে তা নেমে এসেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশে—যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
উল্লেখ্য, সারা দেশে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। এ বছর সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।