বেরোবির সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

কর্মসংস্থান ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সঙ্গে আলফা গ্রুপ এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে পৃথক পৃথকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বনামধন্য এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগে একাডেমিক ও বেসরকারি খাতের মধ্যে একটি ফলপ্রসূ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আলফা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, “উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের সমন্বিত প্রচেষ্টার যে ঘাটতি রয়েছে, এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে তা কিছুটা পূরণের সুযোগ তৈরি হবে।”

তিনি আরও বলেন, “এই চুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মজীবনমুখী শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক সহযোগিতা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।

এছাড়াও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের উদ্যোক্তা উম্মে কুলসুম পপি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *