
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে—প্রথম ধাপে ৭.৫ শতাংশ বাড়ানো হবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে, আর দ্বিতীয় ধাপে বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ১২ অক্টোবর থেকে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
আন্দোলন চলাকালে মঙ্গলবার শিক্ষক-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন। অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সরকারের নতুন এই সিদ্ধান্তে শিক্ষক-কর্মচারীরা আশা করছেন, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে।


Leave a Reply