কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ: ট্রাম্প

কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ: ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে দুই নেতার মধ্যে যুদ্ধ পরিস্থিতি ও শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে পরিস্থিতি জটিল হলে আলোচনায় আরও সময় লাগতে পারে। তিনি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

নতুন শান্তি পরিকল্পনাটি এগিয়ে নিতে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগ যদি প্রতি মাসে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে সহায়ক হয়, তবে তা বাস্তবায়নে তিনি প্রস্তুত।

যুদ্ধ–পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিছু অগ্রগতি হলেও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে এবং ইউরোপীয় দেশগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়া দাবি করছে, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোর হাতে ছেড়ে দিতে হবে। অঞ্চলটির বেশির ভাগ অংশ ইতোমধ্যে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেন এ প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছে।

ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় দনবাস ইস্যুটি এখনো অমীমাংসিত রয়েছে বলে স্বীকার করেছেন উভয় নেতা। ট্রাম্প বলেন, এটি অত্যন্ত জটিল একটি বিষয় হলেও সমাধানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এর আগে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। আলোচনাটিকে তিনি ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। ক্রেমলিনও এ ফোনালাপকে বন্ধুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন—৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে এবং দনবাস ইস্যুতে ইউক্রেনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে তিনি আবারও পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

Insights News Desk

International

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *