
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, বিচারবহির্ভূত হত্যা কাণ্ডে আওয়ামী লীগের দলীয় কর্মীরা নয়, তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ জড়িত ছিল। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটি মৌলিক দায়িত্ব।
বুধবার (১৪ জানুয়ারি) নবাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হারুনুর রশীদ বলেন, যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তাদের বিচার হবে। তবে কাউকে ধরে নিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার কারও নেই।
তিনি আরও বলেন, অতীতে পুলিশ সরকারের নির্দেশে বাড়ি থেকে লোকজনকে তুলে নিয়ে মামলা দিয়েছে—এগুলোর বিচার হবে। কিন্তু ভবিষ্যতে এ ধরনের কাজ পুলিশ করতে পারবে না। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রশাসন ও থানাকে জবাবদিহির আওতায় আনা হবে।
জনপ্রতিনিধির ভূমিকা ব্যাখ্যা করে বিএনপির এই প্রার্থী বলেন, দল-মত নির্বিশেষে যে কেউ জনপ্রতিনিধির কাছে সাহায্য চাইতে পারে। আওয়ামী লীগ বা জামায়াত—যে দলেরই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো জনপ্রতিনিধির দায়িত্ব।
তিনি বলেন, থানায় বা আদালতে নির্দিষ্ট সময়ের বাইরে যাওয়া সম্ভব না হলেও একজন জনপ্রতিনিধির কাছে জনগণ যেকোনো সময় যেতে পারে। জনগণের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করাই জনপ্রতিনিধির মূল দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
Insights News Desk
National

Leave a Reply