গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জরুরি নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নিতে বলা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। সরকারি ও বেসরকারি সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যকণিকা-৯ অনুযায়ী তথ্যসম্বলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদ্রাসার অফিস ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

এ ছাড়া নির্বাচন কমিশন সরবরাহকৃত তথ্যযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচার চালানোর কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করবেন প্রতিষ্ঠানপ্রধানরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারে সঠিক তথ্য পৌঁছানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসার ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংযুক্ত লিফলেট সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের কথাও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *