
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনায় ক্যাম্পের বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা ১ নম্বর ওয়ার্ডে বিএনপির ওই নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগানোর পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। আগুনে ক্যাম্পের চেয়ার, টেবিল ও প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা জানান, মুখ বাঁধা দুই ব্যক্তি রাতের আঁধারে ক্যাম্পে আগুন দেয়। আশপাশে আরও লোকজন থাকলেও মুখ ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আগুনে ক্যাম্পের প্রায় সব সামগ্রী পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Leave a Reply