জাবিপ্রবিতে সিট বরাদ্দ ইস্যুতে ৭ কর্মকর্তা সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আবাসিক হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে প্রক্টর ও প্রভোস্টসহ সাতজন কর্মকর্তা সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার ঘটনা ঘটেছে। উপাচার্য ও উপ-উপাচার্যের হস্তক্ষেপে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তারা মুক্ত হন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত আনুমানিক ৯টার দিকে মির্জা আজম হলের (প্রস্তাবিত বিজয়-২৪ হল) প্রভোস্টের কক্ষে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা অবস্থায় একদল শিক্ষার্থী বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেন।

অবরুদ্ধ কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার, তিনজন হাউজ টিউটর এবং এক সেকশন অফিসার।

শিক্ষার্থীরা জানান, গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সিট বরাদ্দে নতুন নীতিগত সিদ্ধান্ত নেয়। বর্তমানে হলে অবস্থানরত শিক্ষার্থীদের কারও বৈধ অনুমোদন নেই। প্রশাসন ৫ ফেব্রুয়ারি সিট বরাদ্দের দিন নির্ধারণ করলেও একটি পক্ষ জাতীয় নির্বাচনের আগে এ প্রক্রিয়া স্থগিতের দাবি তোলে।

এতে ক্ষুব্ধ হয়ে আরেকটি শিক্ষার্থী দল সোমবার রাতেই সিট বরাদ্দের দাবি জানিয়ে কর্মকর্তাদের কক্ষে তালা দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের আলোচনার পর তালা খুলে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে কর্মকর্তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, তিনি তখন অত্যন্ত ক্লান্ত ছিলেন এবং তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চাননি।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *