
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই কারা কর্তৃপক্ষ কারাগারগুলোতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
পরিদর্শন শেষে তিনি জানান, কারাবন্দি ভোটারদের জন্য ডাকযোগে পাঠানো খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার আগেই সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বন্দিরা এখন ভোট দিচ্ছেন।
আইজি প্রিজন আরও জানান, আগে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দিদের ভোটগ্রহণের সময় নির্ধারিত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি হওয়ায় নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, সকাল ১১টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি জানান, ভোটগ্রহণের আগে কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্ধারিত বুথে গিয়ে ভোটাররা নীরব পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কারা সূত্র জানায়, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। সেখানে ৬০০ জনের বেশি কারাবন্দি ভোটার রয়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী কয়েকজন বন্দিকে রাখা হয়েছে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে। ওই কারাগারে দুটি বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে। তবে মঙ্গলবার সেখানে কোনো রাজনৈতিক বন্দি ভোট দেননি; শুধু সাধারণ কয়েদিরা ভোট দিয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্যরা।
নিয়ম অনুযায়ী, সব কারাবন্দি ভোটার নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন।


Leave a Reply