
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, জামায়াত আমির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর এবং অসত্য তথ্য উপস্থাপন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। জামায়াতের আমির দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি দিয়েছেন।”
তিনি আরও বলেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে সাইনবোর্ডে দেখানোর মাধ্যমে নিজেদের স্বাধীনতার পক্ষে অবস্থান প্রকাশ করতে চাইছে। সালাহউদ্দিন দাবি করেন, এ ধরনের ইতিহাস বিকৃতি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সব দেশপ্রেমিক মানুষ এবং স্বাধীনতার পক্ষের শক্তি প্রতিবাদ জানাবে।
প্রার্থী বলেন, “এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। তবে জনগণ সব জানে এবং এ প্রতারণা বুঝতে পারছে।”
তিনি জামায়াতের সাম্প্রতিক নারীর প্রতি আপত্তিকর মন্তব্যকেও কড়া সমালোচনা করেন। সালাহউদ্দিন বলেন, “নারী কর্মীদের পতিতাদের সঙ্গে তুলনা এবং তাদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীদের কল্যাণ নয়, বরং এটি তাদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।”
পথসভায় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply